চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে নিখোঁজ হওয়ার একদিন পর মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর মরদেহ একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল গফুরের বাড়ির পেছনে অবস্থিত একটি পরিত্যক্ত ডোবা থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাঈদ মো. আবদুর রহিমের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে নাঙ্গলমোড়ায় তার নানার বাড়িতে বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার থেকে সাঈদ নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সন্দেহ হয়, শিশুটি বাড়ির পাশের পরিত্যক্ত ডোবায় পড়ে থাকতে পারে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
দীর্ঘক্ষণ তল্লাশির পর ফায়ার সার্ভিসের সদস্যরা ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সাঈদ ছিল অত্যন্ত চঞ্চল ও সবার প্রিয় একটি শিশু। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
হাটহাজারী মডেল থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।