দুই দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন করে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে দাবি পূরণ না হলে আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশের সকল শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালনের ঘোষণা দেওয়া হয়।
বক্তারা জানান, গত ১৭ ও ১৮ জুন ঢাকায় ডাক অধিদপ্তরের সামনে দুই দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন করা হয়। এরপর তিন দিনের ‘কলম বিরতি’ কর্মসূচিও ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘদিনেও দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুলাই থেকে দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, শাখা ডাকঘরের কর্মচারীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকসেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও বৈষম্যের শিকার। ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হলে একদিকে কর্মচারীদের স্বার্থ সংরক্ষিত হবে, অন্যদিকে দেশের ডাকসেবার মান আরও উন্নত হবে। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৬৪ জেলায় কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন, ধর্মঘটের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ, ৫ জুলাইয়ের মধ্যে নগদ অর্থ, খাম, ডাকটিকিট ও রাজস্ব হিসাব শূন্য ব্যালেন্সে সমন্বয় এবং সব চিঠি ও পার্সেল বিতরণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৬ জুলাই থেকে প্রতিটি শাখা ডাকঘরের সামনে ধর্মঘটের ব্যানার টানানো এবং আন্দোলনের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আরও জানান, আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো কর্মচারী হয়রানি, শাস্তিমূলক ব্যবস্থা বা পুট-অফ ডিউটির শিকার হলে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।
মানববন্ধনে সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শাহানাজ পারভিন, সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আকাশ, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা, ঝিকরগাছা থানার সভাপতি আলম, শার্শা থানার সভাপতি মো. আলী, কেশবপুর থানার সভাপতি সিরাজুল ইসলাম, মনিরামপুর থানার সভাপতি বাবলু, বাঘারপাড়া থানার সভাপতি আব্দুর রব, চৌগাছা থানার সভাপতি মো. সুলতান, বারোবাজার থানার সভাপতি শ্রী প্রাণেশ, অভয়নগর থানার প্রতিনিধি মো. আল-আমিন, নড়াইলের প্রতিনিধি মো. রনি এবং বিভিন্ন উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারা সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। তবে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ না এলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৬ জুলাই থেকে দেশের সকল শাখা ডাকঘরে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।