কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সুপারের নাম সাইদুর রহমান। তিনি ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, সাইদুর রহমান জাল সনদে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেন। তবে তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করে।
অভিযোগ রয়েছে, সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি তাঁর এসব অপকর্ম ধামাচাপা দিতে নিজেকে ‘দৈনিক শিরোমণি’ নামক একটি পত্রিকার সাংবাদিক হিসেবেও পরিচয় দিতেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "আদালতে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"