গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাত প্রায় ৮টার দিকে শ্রীপুর থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার কবরঘাটা এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কবরঘাটা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সাদা পলিথিনে রাখা কালো স্কচটেপে মোড়ানো ক্যাপসুল আকৃতির ২০টি প্যাকেট তল্লাশি করে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আটক নারী আফরোজা (২৬) উপজেলার কবরঘাটা এলাকার বাসিন্দা এবং রেজাউল করিমের স্ত্রী। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।