কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত সাবেক মন্ত্রী দীপু মনি (৬৪) অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগ রয়েছে দীপু মনির। তার শারিরীক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক না হলেও আমাদের এখানে চিকিৎসকরা মনে করেছেন তার আরেকটু ভালো চিকিৎসা দরকার, তাই আমরা ঢাকায় পাঠিয়েছি।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, তিনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত। প্রায়ই চেকআপ ও চিকিৎসা করতে হয়। সোমবার রাত দেড়টার দিকে তিনি কিছুটা অসুস্থতাবোধ করলে আমরা তাকে সাথে সাথে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। পরে চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন।