ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টার দিকে মহাসড়কের নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কাঁচামাল বহনকারী একটি অটোরিকশার চালকের সঙ্গে এক হাইওয়ে পুলিশ সদস্যের কথা-কাটাকাটির একপর্যায়ে চালককে মারধর করা হয়। এতে চালক আহত হন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উত্তেজিত জনতা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও পিটিয়ে ভাঙচুর করে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।