গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা প্রায় ৩০টি পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা ও পৌরসভার নেতারা।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নেতারা জলাবদ্ধ এলাকায় গিয়ে হাঁটুপানি পেরিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি যান। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “মানুষের দুর্ভোগের সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আমরা কাজ করব।”
শ্রীপুর পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ড. হারুনুর রশিদ মোল্লা বলেন, “একটি পৌর এলাকায় বছরের পর বছর জলাবদ্ধতা কোনোভাবেই কাম্য নয়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভা সেক্রেটারি মো. আবুল হোসাইনসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।