খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতাঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় পুলিশের অভিযানে গাঁজাসহ সাইদুর রহমান (৩৫) নামে এক মাদকসেবীকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) ভোররাতে খোকসা থানার টহল পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, খোকসা থানার এসআই রাজু আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার কাছ থেকে এক পোটলা গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(গ) ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সাইদুর রহমানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি নিজে মাদক সেবনের পাশাপাশি এলাকার তরুণদের মাদকাসক্ত করতে উৎসাহিত করছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের তথ্য ও অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির স্বীকারোক্তি এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।