কুষ্টিয়ার খোকসা উপজেলার ১নং খোকসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদুল আজহার আনন্দ ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় হিলালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং খোকসা ইউনিয়ন জামায়াতের আমীর আবু কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খোকসা উপজেলা নায়েবে আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মুর্শিদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক সাইফুর রহমান আল-আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আজাদ আহমেদ এবং বায়তুল মাল সম্পাদক হাফেজ মো. হুজ্জাতুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী, পুরুষ ও মহিলা কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান মেহমান তাঁর বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না; বরং মানুষকে জান্নাতের পথে চলার সঠিক দিকনির্দেশনা দেয়। সেই পথে চলার সিদ্ধান্ত প্রত্যেক মানুষের নিজস্ব বিষয়। আমরা মানুষের কল্যাণ, নৈতিকতা ও ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। জনগণই আমাদের কার্যক্রমের মূল্যায়ন করবে।”

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিতে এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। ঈদের শিক্ষা ও আনন্দকে কাজে লাগিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান তিনি।

বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে উপস্থিত সবার মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।