সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন।
দুদকের প্রসিকিউটর আবুল কালাম আজাদ সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানাসহ তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৫ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
মামলার নথিপত্র অনুযায়ী, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল। এই প্রেক্ষিতে তার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত তথ্য চেয়ে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে এই আদেশ গ্রহণ করেন। তবে নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন।
এই ঘটনায় ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারায় মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের ২৫ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে ৬ নভেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেফতার করে। ওই দিন থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।