গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) বাসন থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়।
প্রথম অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সসহ কিলো-২ ডিউটিকালীন সময়ে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার নাওজোড় এলাকায় মিনার বাসার ভাড়াটিয়া, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বালাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তার (২৫)-কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপর অভিযানে এএসআই (নিরস্ত্র) মোঃ মামুন হোসেন সঙ্গীয় ফোর্সসহ স্পেশাল-২ ডিউটিকালীন সময়ে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার বালিপাড়া এলাকার বাসিন্দা, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জলহড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ আকাশ (২২)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। আদালতে হাজির করার পর সামারি ট্রায়ালে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগরজুড়ে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।