বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-র ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ফ্যাকাল্টিগণের জন্য আয়োজিত ‘টিচিং মেথোডলজি এ্যান্ড এ্যাসেসমেন্ট’ বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এই কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউ’র মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। এসময় এসময় বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই কর্মশালায় চিকিৎসা শিক্ষার আধুনিক পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ার ওপর তথ্যসমৃদ্ধ ও জ্ঞানলব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন দেশের খ্যাতনামা চিকিৎসাবিদ ও বিশেষজ্ঞগণ। বক্তাদের মধ্যে ছিলেন, বিএমডিসির সম্মানিত প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. আবদাল মিয়া, অধ্যাপক ডা. মোঃ হুমায়ুন কবীর তালুকদার, অধ্যাপক ডা. তাহমিনা বেগম, অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, ডা. মোঃ রাসেল আহমেদ খান।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।
অনুষ্ঠানে বিজ্ঞ বক্তারা কর্মশালায় অংশগ্রহণকারী ফ্যাকাল্টিগণকে চিকিৎসা শিক্ষায় সর্বোত্তম ও অনুসরণীয় শিক্ষক হওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। একই সাথে কর্মশালা থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করে দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
কর্মশালা শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী বিএমইউ’র ২৭ জন সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারকে আনুষ্ঠানিক সনদপত্র প্রদান করা হয়।