শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সফর করেছেন। বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের আমন্ত্রণে তিনি ক্যাম্পাসে আসেন।
দুপুর ১২টা ২০ মিনিটে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট ও উন্নয়ন চাহিদার বিষয় তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে উপাচার্য বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে গেলেও বিভিন্ন কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অবকাঠামোগত সংকটের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরও ঘাটতি রয়েছে। ক্লাস ও পরীক্ষা পরিচালনার জন্য পর্যাপ্ত স্থান নেই। বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো অডিটোরিয়াম নির্মিত হয়নি, যা একটি বড় সীমাবদ্ধতা।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দরকার। পাশাপাশি বর্তমানে ৫০ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। আমরা আরও ১৫০ একর জমি সম্প্রসারণের দাবি জানাচ্ছি।”
পরে শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে দাবি উত্থাপন করেন।
উপাচার্য ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “শিক্ষাখাতের উন্নয়ন সরকারের অগ্রাধিকার। বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
শিক্ষামন্ত্রীর এ আশ্বাসে উপস্থিত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সফরের একপর্যায়ে তিনি উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন।