জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেন্টাল হেলথ কাউন্সেলিং মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভবনের সামনে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।

এ আয়োজনে সহযোগিতা করছে ‘ইনসাইট সাইকোসোশাল কেয়ার অ্যান্ড রিসার্চ’। প্রতিষ্ঠানটির ২০ জন অভিজ্ঞ সাইকোলজিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং প্রদান করছেন।

ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক মূল্যায়ন, পরামর্শ এবং প্রয়োজনীয় কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে। আয়োজকদের লক্ষ্য, দিনব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে প্রায় এক হাজার শিক্ষার্থীকে সেবা প্রদান করা।

ক্যাম্পে সেবা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী মুহাম্মদ শোয়াইবুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা, ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে অনেক সময় মানসিক চাপ তৈরি হয়। কিন্তু কাউন্সেলিং নেওয়ার সুযোগ বা সাহস অনেকেরই থাকে না। জাকসুর এই উদ্যোগটি খুবই সময়োপযোগী। এখানে বিশেষজ্ঞদের সঙ্গে খোলামেলা কথা বলতে পেরেছি এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি। এমন আয়োজন নিয়মিত হলে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হবে বলে আমি মনে করি।”

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “জাকসুর উদ্যোগে আজ একটি ফ্রি মেন্টাল হেলথ কাউন্সেলিং মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে আমাদের সহযোগিতা করছে ‘ইনসাইট সাইকোসোশাল কেয়ার অ্যান্ড রিসার্চ’, যারা দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।

এই ক্যাম্পে ২০ জন অভিজ্ঞ সাইকোলজিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবা দিচ্ছেন। আমাদের লক্ষ্য, সারাদিনে প্রায় এক হাজার শিক্ষার্থীকে এই সেবার আওতায় নিয়ে আসা।

জাকসু ভবনের সামনে কয়েকটি ধাপে এই সেবার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী সেবা গ্রহণ করেছেন এবং আরও অনেক শিক্ষার্থী সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন।

এছাড়া, যারা আজকের ক্যাম্প থেকে সেবা গ্রহণ করছেন, তাদের জন্য ‘ইনসাইট’ সম্পূর্ণ বিনামূল্যে তিনটি ফলো-আপ কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করেছে। তারা প্রতিষ্ঠানটিতে গিয়ে এই সেবা গ্রহণ করতে পারবেন। এসব কাউন্সেলিং সেবার আনুমানিক আর্থিক মূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা।”

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে বিশেষজ্ঞের কাউন্সেলিং সেবা সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।