জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিদেশে অধ্যয়নের সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা দিতে ‘গ্লোবাল এডুকেশন সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনের প্রত্নতত্ত্ব বিভাগে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল EDUMAX।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক, UCL ও Oxford স্কলার অধ্যাপক মো. মিজানুর রহমান জামি। তিনি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া, গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে সফলভাবে ভর্তি হওয়ার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
বক্তব্যে অধ্যাপক মো. মিজানুর রহমান জামি বলেন, “বিদেশে উচ্চশিক্ষা অর্জন শুধু একটি ডিগ্রি নেওয়ার বিষয় নয়; এটি নিজেকে আন্তর্জাতিক মানের গবেষণা, জ্ঞান ও দক্ষতার সঙ্গে সম্পৃক্ত করার একটি সুযোগ। এ জন্য শুরু থেকেই পরিকল্পিত প্রস্তুতি, ভালো একাডেমিক ফলাফল, গবেষণায় আগ্রহ এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্বসহ নানা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। সঠিক তথ্য ও যথাযথ প্রস্তুতি থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও Commonwealth Scholar অধ্যাপক জুলফিকার শাওলি। এছাড়াও আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন Erasmus Mundus Scholar এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (NSU) প্রভাষক মো. জাহিদুল ইসলাম মিয়াজি। তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে আন্তর্জাতিক উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ ও প্রস্তুতির বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন।
অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক এবং প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক মালিহ নারগিস আহমদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়া EDUMAX-এর কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়। প্রতিষ্ঠানটি প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের জন্য ১০০টিরও বেশি ফ্রি IELTS Preparation Course উপহার দিয়েছে, যা বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
শিক্ষাঙ্গন
জাবিতে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘গ্লোবাল এডুকেশন সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত