জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বহুল আলোচিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের সহায়ক অবকাঠামো নির্মাণসহ মোট ৫টি প্রকল্প অনুমোদন করেছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত ৫টি প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭,০০৩ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ৪,৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২,৪৬৭ কোটি ২৬ লাখ টাকা অর্থায়ন করা হবে। ৫টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প।
অনুমোদিত ৫টি প্রকল্পের তালিকা
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প:
চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৮০০ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এই একক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪,১৮৯ কোটি টাকা, যেখানে চীন সরকার ২,৪৬৭ কোটি টাকা ঋণ দেবে। প্রকল্পটির মাধ্যমে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান এবং ৫০ কোটি ডলারের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়):
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ফেনী জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হবে।
করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প:
নদী ব্যবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নে এটি একটি নতুন প্রকল্প।পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর ও কুমারখালী রক্ষা প্রকল্প:
মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষায় এটি ১ম সংশোধিত প্রকল্প।
১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প:
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলমান এই মেগা প্রকল্পটির ৩য় সংশোধনী অনুমোদন করা হয়েছে।চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের প্রধান অবকাঠামোসমূহ:
এই প্রকল্পের আওতায় অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রয়োজনীয় বাহ্যিক ভৌত অবকাঠামো তৈরি করা হবে, যার মধ্যে রয়েছে: ১,২৩৫ মিটার দীর্ঘ জেটি লিংক রোড এবং একটি ৩৩০ মিটার দীর্ঘ সেতু। ১,১৮১ মিটার দীর্ঘ চার লেনের সংযোগ সড়ক, ২৫ মিলিয়ন লিটার ক্ষমতাসম্পন্ন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (CETP), ২০,০০০ ডেডওয়েট টন ক্ষমতাসম্পন্ন বহুমুখী জেটিগ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো, সাবস্টেশন, সঞ্চালন লাইন এবং ১২ কিলোমিটার বাউন্ডারি ওয়াল৫০ কোটি টাকার কম ব্যয়ের অবহিতকৃত প্রকল্প।
একনেক সভায় পরিকল্পনামন্ত্রী ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ৪টি প্রকল্প সম্পর্কে অবহিত করেন। এগুলো হলো— কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, সাভারে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, শমসেরনগরে বিএএফ শাহীন কলেজের ভৌত অবকাঠামো নির্মাণ এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রম (৪র্থ পর্যায়)।
একনেকের এই সভায় সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।