পোশাক খাতে কর্মরত নারী শ্রমিকদের অধিকার রক্ষা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামীকাল এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে “নারী শ্রমিকের অধিকার ও সামাজিক সুরক্ষা: বর্তমান বাস্তবতা ও করণীয়” শীর্ষক এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে।
আগামীকাল ১৮ জুলাই (শনিবার), বিকাল ৩:০০টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি রোজিনা আক্তার।
দেশের তৈরি পোশাক খাতে নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য হলেও তারা প্রায়শই বিভিন্ন সামাজিক ও কর্মক্ষেত্রসংক্রান্ত অধিকার থেকে বঞ্চিত হন। বর্তমান প্রেক্ষাপটে নারী শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও সামাজিকভাবে তাদের সুরক্ষা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন—তা নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃবৃন্দ এ বৈঠকে বিস্তারিত আলোচনা করবেন।
বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে গোলটেবিল বৈঠকটি সফল করার আহ্বান জানিয়েছেন।