হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে সাবেক অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নুরজাহান বেগমসহ ৫ জনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আবেদন খারিজ করে দেন।
এর আগে সকালে, ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। মামলায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়েছিলো।
মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের এক আইনজীবী সালাউদ্দিন লস্কর বলেন, ‘আমরা আজ মামলাটি দায়েরের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত ৪০৯ ধারাটি দুদক সম্পর্কিত ধারা বিবেচনায় রেকে খারিজ করেছেন। আমরা অন্য ধারার অধীনে মামলাটি নিতে আবেদন জানিয়েছিলাম। আদালত বলেছেন, আদেশে বিস্তারিত উল্লেখ করা হবে। আদেশটি হাতে পেলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব যে উচ্চ আদালতে যাবো কি-না।’
এর আগে, গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে ইউনিসেফ। সেখানে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ এবং এ বিষয়ে ৫টি চিঠিও দেওয়া হয়েছিল। তবে, টিকা ক্রয়ে অর্থ নয়; বরং ক্রয়সংক্রান্ত জটিলতার কারণেই সংকট তৈরি হয়েছিল বলেও জানান তিনি।