বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা মহিলা বিভাগের উদ্যোগে ‘থানা কর্মপরিষদ ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নাটোর শহরের কানাইখালিস্থ আরপি কমিউনিটি সেন্টারে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নারী নেত্রীবৃন্দ অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এবং রাজশাহী অঞ্চলের অঞ্চল দায়িত্বশীলা সাবরিনা শারমিন বনি।

প্রধান অতিথির বক্তব্যে নূরুন্নিসা সিদ্দিকা বলেন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করতে নারী নেতৃত্বকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে অতিথিরা তৃণমূল পর্যায়ে দ্বীনি দাওয়াত পৌঁছানো এবং সামাজিক কল্যাণে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

উক্ত সম্মেলন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।