ভোলার মনপুরায় বিএনপি কার্যালয়ে জুয়ার আসর বসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজার এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে জুয়ার আসরটি বসানো হয়। গত কয়েকদিন ধরে ভিডিওটি ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন থানা প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এমপির নির্দেশনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিতর্কিত ওই কার্যালয়টি বন্ধ করে দেয়। মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলার আনন্দবাজারে বিএনপির ব্যানার ও ফেস্টুন টাঙানো একটি অফিসে দুই গ্রুপে বিভক্ত হয়ে জুয়া খেলা চলছে। এর মধ্যে এক গ্রুপ চেয়ার-টেবিলে বসে এবং অন্য গ্রুপটি নিচে গোল হয়ে বসে জুয়া খেলছে। খেলার একপর্যায়ে টাকা তোলাকে কেন্দ্র করে তাদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক ও বিশৃঙ্খলা হতেও দেখা যায়।
জানা গেছে, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শামসুদ্দিন (যিনি এলাকায় 'কোবা শামসু' নামে পরিচিত) ওই দোকান ঘরটি ভাড়া নিয়ে বিএনপির অফিস হিসেবে ব্যবহার শুরু করেন। তিনি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম গ্রুপের অনুসারী এবং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মূলত গত ঈদুল আজহার পর থেকেই ওই শ্রমিকদল নেতার নেতৃত্বে কার্যালয়টিতে নিয়মিত জুয়ার আসর বসে আসছিল। ঘটনার পর পুলিশ কার্যালয়টি বন্ধ করে দিলে বর্তমানে শামসুদ্দিন পলাতক রয়েছেন।
এবিষয়ে মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানান, "এটি মূলত বিএনপির কোনো আনুষ্ঠানিক দলীয় অফিস নয়। শামসুদ্দিন নিজের দায়িত্বে ঘরটি ভাড়া নিয়ে সেখানে ক্লাব বানিয়েছিলেন। পরবর্তীতে মাননীয় এমপির হস্তক্ষেপে পুলিশ ক্লাবটি বন্ধ করে দিয়েছে।"
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, সংসদ সদস্যের নির্দেশ পাওয়ার পরপরই পুলিশ গিয়ে ওই ক্লাবটি বন্ধ করে দিয়েছে।
তিনি আরও বলেন, "এই অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদক, জুয়া ও যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।"