গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন সম্পন্ন এবং দ্বিতীয় ধাপের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য মিসরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারী ও ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বৈঠক শুরু করেছে হামাস। শনিবার এক ভিডিও বার্তায় সংগঠনের মুখপাত্র হাজেম কাসেম এই তথ্য নিশ্চিত করেছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, এই বৈঠকগুলোতে চুক্তির প্রথম ধাপের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করা হবে। এর মধ্যে রয়েছে—ইসরাইল কর্তৃক চুক্তি লঙ্ঘন বন্ধ করা, সীমান্ত ক্রসিংগুলো খুলে দেয়া এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়া।

তিনি জানান, প্রথম পর্যায় সফল হলে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার নির্দিষ্ট মেকানিজম বা পদ্ধতি নির্ধারণ নিয়েও আলোচনা হবে। বিশেষ করে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ সংক্রান্ত প্রস্তাবগুলোও আলোচনার এজেন্ডায় রয়েছে।

আলোচনার গুরুত্ব বিবেচনায় হামাসের প্রধান মধ্যস্থতাকারী খলিল আল-হায়ার নেতৃত্বে উচ্চপর্যায়ের দল কায়রোতে অবস্থান করছে।