ইরানের সাবেক সুপ্রিম লিডার মরহুম আয়াতুল্লাহ আলি খামেনেয়ী-এর প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মরহুম এই নেতার শোকানুষ্ঠানে যোগ দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করে।

যদিও এর আগে শোনা গিয়েছিল, সৌদি তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করেনি। কিন্তু পরবর্তীতে দেশটির পাঁচ সদস্যের একটি দল আসে।

আয়াতুল্লাহ খামেনেয়ী-কে শেষ বিদায় জানানার জন্য সপ্তাহব্যাপী আয়োজন করেছে ইরান। আজ আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয়েছে। তবে আজ শুধুমাত্র বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। কাল শনিবার থেকে সাধারণ মানুষ দেখার জন্য তার কফিন উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এতে করে এসব দেশের সঙ্গে ইরানের সম্পর্কে অবনতি ঘটে। কিন্তু তা সত্ত্বেও ইরানের সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশটি।

মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর এই শোক প্রকাশকে আঞ্চলিক রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে।

জানাজা অনুষ্ঠানে সৌদি প্রতিনিধি দলটির উপস্থিতি দুই দেশের মধ্যকার চলমান সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।