বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে ২-১ গোলে এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। এর আগে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স ও স্পেন।

এখন ফুটবলপ্রেমীদের একটাই প্রশ্ন-শেষ পর্যন্ত কার হাতেই উঠবে ২০২৬ বিশ্বকাপের ট্রফি?এই প্রশ্নের উত্তর খুঁজতে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করেছে ক্রীড়া তথ্যপ্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্ট।

তাদের সুপারকম্পিউটারের সর্বশেষ পূর্বাভাসে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। বিপরীতে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সবচেয়ে কম সম্ভাবনা দেখানো হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অপ্টার হিসাব অনুযায়ী, কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফরাসিদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ। স্পেনের সম্ভাবনা ৪২.৩০ শতাংশ।

অন্য সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচকে প্রায় সমান সম্ভাবনার লড়াই হিসেবে দেখলেও সামান্য এগিয়ে রেখেছে ইংলিশদের। সুপারকম্পিউটারের বিশ্লেষণে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৯.০৬ শতাংশ।

শিরোপা জয়ের সম্ভাবনার তালিকায় সবার ওপরে রয়েছে ফ্রান্স। এমবাপ্পে, দেম্বেলে ও শক্তিশালী দলগত পারফরম্যান্সের কারণে ফরাসিদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৩৪.০৫ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ভালো খেললেও সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ পাওয়ায় তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৪৫ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। জুড বেলিংহাম, হ্যারি কেইনদের দলকে ট্রফি জয়ের সম্ভাবনা দেওয়া হয়েছে ২১.৯৪ শতাংশ।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সবচেয়ে কম সম্ভাবনাময় দল হিসেবে দেখিয়েছে অপ্টা। সুপারকম্পিউটারের গাণিতিক বিশ্লেষণে মেসিদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ।

তবে ফুটবল যে শুধু পরিসংখ্যানের খেলা নয়, তা বিশ্বকাপের ইতিহাস বহুবার প্রমাণ করেছে। তাই সুপারকম্পিউটারের পূর্বাভাস একদিকে থাকলেও, শেষ পর্যন্ত মাঠের লড়াইই ঠিক করে দেবে কার হাতে উঠবে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ফুটবল ট্রফি।