বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন।

‎রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

‎একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান-কে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

‎রোজী আক্তারের এ নিয়োগের মাধ্যমে কুমিল্লা জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক দায়িত্ব নিতে যাচ্ছেন। বিষয়টি প্রশাসনিক অঙ্গনসহ জেলার বিভিন্ন মহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন-শৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম, ভূমি প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।

‎অন্যদিকে, কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রশাসনিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।