মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখকে (৩৫) তিন ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শনিবার (২৭ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপন বৈঠক হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে উপ-পরিদর্শক (এসআই) রাজ্জাক ও শরিফুলসহ একাধিক সদস্য অংশ নেন। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে তাকে নিজ বাড়ি থেকে আটক করে দুই হাতে হ্যান্ডকাফ পরানো হয়। সময় তার পরিবারের সদস্য ও অনুসারীরা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের লোকজন জড়ো করে। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে এবং পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে এসআই রাজ্জাক গুরুতর আহত হন। পরিস্থিতির এক পর্যায়ে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় সাব্বির শেখ কৌশলে পালিয়ে যান।

ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)- এর নেতৃত্বে একাধিক টিম গঠন করে অভিযান শুরু করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে ১২টার দিকে বীরতারা বাজার এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিল্টন দত্ত জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।