ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।রোববার (২৮ জুন) সকাল থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামের কালাম কাজীর বাড়িতে শুক্রবার মাদকবিরোধী মিটিং হয়, দ্বিতীয় মিটিং শনিবার হামিরদী ইউনিয়ন পরিষদে হয়। মাদকবিরোধী মিটিং নিয়ে দুই দল গ্রামবাসীর মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
সেই জেরে রোববার সকালে দুই দলের সংঘর্ষ হয়। এ সময় উভয় দলের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত আকতার মাতুব্বর, রিয়াদ মাতুব্বর ও মামুন মাতুব্বরকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে হামিরদি ইউনিয়নের চেয়ারম্যান খোকন মিয়া জানান, মাদকবিরোধী মিটিংয়ে যোগদান করায় দেলোয়ার মাতুব্বরের বাড়ি ভাঙচুর ও তাকে মারধর করেছে, এ নিয়ে সংঘর্ষ চলছে।
বিপক্ষ দলের ছিরু মিয়া জানান, মাদকবিরোধী মিটিংয়ের নামে মাদক কারবারীরা এক হয়েছে খোকন চেয়ারম্যানের নেতৃত্বে এজন্য সংঘর্ষ হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়েই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় আমাদের পুলিশ কাজ করছে।