শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কুষ্টিয়ার কুমারখালীতে নিউক্লিয়াস স্কুলের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা প্রদান করে লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
ক্যাম্পেইনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে রক্তচাপ (প্রেসার) পরীক্ষা, ওজন পরিমাপ, মেডিসিন চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং শিশু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও চক্ষু সেবার আওতায় চোখের দৃষ্টি পরীক্ষা, বিভিন্ন চক্ষু রোগ শনাক্তকরণ এবং চোখের যত্ন বিষয়ক পরামর্শ দেওয়া হয়।
নিউক্লিয়াস স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি এলাকার সাধারণ মানুষ, অসহায় ও দুস্থ রোগীসহ প্রায় ২০০ জন এ ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
নিউক্লিয়াস স্কুলের প্রধান শিক্ষক জীবন হোসেন বলেন, “শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ক্যাম্পেইনে সেবা গ্রহণকারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু সেবার বিষয়টি প্রশংসনীয় উদ্যোগ।
স্কুল কতৃপক্ষ জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে তোলা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।