প্রধানমন্ত্রী তারেক রহমানের পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি। রোববার বিকেলে দলের স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিনের উদ্যোগে পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে মিছিলটি বের হয়।
পরে এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি সোহরাব উদ্দিন, বিএনপি নেতা এ্যাড. শামীম উল হাসান অপু, বিএনপির সদর উপজেলার সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, বিএনপি নেতা বশিরুল আলম চাঁদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ প্রতিক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌ-যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
তারা দ্রুত এ প্রকল্পের কাজ শুরুর দাবি জানান পাশাপাশি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগানে তাদের আনন্দ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।