স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানির টেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিশেষ অভিযানে টঙ্গী পূর্ব থানা পুলিশ আমতলী কেরানির টেক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আমতলী কেরানির টেক এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল জব্বার রঞ্জু (৩৫) এবং একই এলাকার হারুনের স্ত্রী রোজিনা বেগম (৪০)।

পুলিশ জানায়, আব্দুল জব্বার রঞ্জুর বিরুদ্ধে এর আগে দুটি এবং রোজিনা বেগমের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে মহানগরের বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।