বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকার বা প্রতিষ্ঠানের বার্ষিক আয়-ব্যয় ও বাজেট হিসাবের জন্য পঞ্জিকা বর্ষের (জানুয়ারি-ডিসেম্বর) পরিবর্তে নির্দিষ্ট ১২ মাসের একটি চক্র নির্ধারণ করা হয়, যা অর্থবছর বা Fiscal Year নামে পরিচিত। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক সংস্থার হিসাবের সাথে সামঞ্জস্য রাখা এবং বাজেট বাস্তবায়নে সর্বোচ্চ সুবিধা পাওয়ার লক্ষ্যে বাংলাদেশে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে ধরা হয়।
১ জুলাইকে অর্থবছর হিসেবে বেছে নেওয়ার কারণ:
আন্তর্জাতিক সমন্বয়: বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) আর্থিক বছরের সাথে তাল মিলিয়ে উন্নয়নশীল দেশগুলোকে কাজ করতে হয়। আন্তর্জাতিক সংস্থার সাথে আর্থিক হিসাবের মিল রাখার জন্য জুলাই থেকে জুন চক্রটি সবচেয়ে বেশি উপযোগী।
বর্ষা ও অর্থনৈতিক চক্রের সুবিধা: জুলাই মাসের শুরুতে বর্ষাকাল শুরু হয়। ফলে বছরের প্রথম ভাগে উন্নয়নমূলক কাজ ও নির্মাণকাজের গতি কিছুটা মন্থর থাকে। তবে বছরের দ্বিতীয়ার্ধ্বে (শীতকাল ও বসন্তকালে) কাজের পূর্ণ মৌসুম পাওয়া যায়, যা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) বাস্তবায়নে অত্যন্ত সুবিধাজনক।
কৃষিভিত্তিক অর্থনীতি: একসময় অঞ্চলটির অর্থনৈতিক চালিকাশক্তি পুরোপুরি কৃষিনির্ভর ছিল। সাধারণত নতুন ফসল ওঠার সময় এবং ফসলের অর্থনৈতিক ফলাফল মূল্যায়নের জন্য বছরের মাঝামাঝি সময়টি হিসাবের জন্য সবচেয়ে বাস্তবসম্মত হিসেবে বিবেচিত হতো।