আজ বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে। বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছর থেকে দেশের প্রায় সব বাজেটই বৃহস্পতিবার উপস্থাপন করা হয়েছে। ফলে অনেকের মনেই প্রশ্ন ওঠে, বাজেট কেন সবসময় বৃহস্পতিবার পেশ করা হয়?

এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, বাজেট প্রণয়ন ও উপস্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেক পরিশ্রম করতে হয়। তাই বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করলে পরের দুই দিন, অর্থাৎ শুক্রবার ও শনিবার ছুটি পাওয়া যায়। একই সঙ্গে এই দুই দিনে বাজেট বিশ্লেষণ ও পর্যালোচনারও সুযোগ থাকে।

তিনি আরও বলেন, এর পেছনে আরও কিছু কারণ থাকতে পারে। বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর যেহেতু পরের দুই দিন সরকারি ছুটি থাকে, তাই এ সময় কেউ সহজে আইনি কোনো পদক্ষেপ নিতে পারে না। একই সঙ্গে কেউ চাইলে আগেভাগে পণ্য কিনে মজুত করা বা শুল্ক ফাঁকি দেয়ার মতো কাজও করতে পারে না।

ড. আব্দুল মজিদ জানান, বাজেট উপস্থাপনের পরের সপ্তাহে সম্পূরক বাজেট পাস করতে হয়। সংসদ সদস্যরা যাতে বাজেটের বিভিন্ন বিষয় ভালোভাবে পড়াশোনা ও বুঝতে পারেন, সে জন্যও কিছুটা সময় প্রয়োজন হয়। বৃহস্পতিবার বাজেট ঘোষণা করলে তারা অতিরিক্ত দুই দিন সময় পান।