দেশের বাজারে টানা চার দফা মূল্যহ্রাসের পর আবারও স্বর্ণের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছে।
ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
এর আগে গত ১১ জুন স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি। তখন ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা হ্রাস করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তন এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের মূল্য সমন্বয়ের কারণে এ দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।