ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
চলমান যুদ্ধবিরতির মধ্যে এ হামলার ঘটনা ঘটল। এর আগে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানি কর্মকর্তারা।
সোমবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রাণঘাতী হামলার পর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলে সম্ভাব্য হামলার আশঙ্কায় তারা ‘উচ্চ সতর্ক অবস্থায়’ রয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর হাইফা ও উত্তর ইসরায়েলের অন্যান্য এলাকায় সাইরেন সক্রিয় করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ইসরায়েলি বিমান ঘাঁটিই ছিল দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে চালানো ‘আগ্রাসনের উৎস’।
পরে আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তারা জানায় প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে ইসরায়েলকে লক্ষ্য করে ‘আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ’ করা হয়েছে।
৬ জুন শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতে স্থানীয় সময় সন্ধ্যায় বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে আহত হয়েছে ৪ জন শিশুসহ কমপক্ষে ২০ জন।
একই দিন দক্ষিণ লেবাননেও বিমান অভিযান পরিচালনা করেছে আইএএফ। এতে লেবানিজ সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলসহ বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।
উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেছেন, “আমরা বার বার বলেছি যে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আগ্রাসন ইসলামি প্রজাতন্ত্রী ইরান সহ্য করবে না। আজ রাতে আমরা আগ্রাসনকারীদের জবাব দিলোম।”
“তবে এটা শুধুমাত্র একটি সতর্কবার্তা। অশুভ শক্তি যদি এই সতর্কবার্তা আমলে না নেয়, পরবর্তী আঘাত হবে আরও ব্যাপক এবং এজন্য আগ্রাসনকারীদের চড়া মূল্য দিতে হবে।”
অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঠিক কয়েক মিনিট পর ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আজ রাতে তেহরানকে অবশ্যই পুড়তে হবে!’
সূত্র: আল জাজিরা।