মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, একটি চুক্তিতে পৌঁছাতে ইরান "অনেক বেশি সময়" নিয়েছে এবং এখন তাদের "এর মূল্য দিতে হবে"। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
আজ বুধবার (১০ জুন) ট্রুথ সোশ্যাল-এ প্রকাশিত একটি পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন যে, ইরান একটি অনুকূল চুক্তি নিশ্চিত করার সুযোগ হারিয়েছে।
দুই পক্ষের তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতিটি এলো।
উল্লেখ্য, দক্ষিণ ইরানে মার্কিন সামরিক হামলার জবাবে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একের পর এক হামলার পর বিভিন্ন দেশ ও বিশ্লেষকরা বিপদের বিষয়ে সতর্ক করেছেন, কারণ আগে থেকেই উত্তপ্ত পরিবেশে এই "নিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধি" ভুল গণনার ঝুঁকি তৈরি করছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র "আমাদের সংকল্প পরীক্ষা করার" সিদ্ধান্ত নিয়েছে এবং ইরানের সামরিক বাহিনী "কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না"।
তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে আরও বলেন, "নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।"
ডিএস/এমএএইচ